দক্ষিণ ভারতীয় আসন্ন অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’র আইটেম গান ‘সরকে চুনর তেরি সরকে’ ঘিরে বিতর্ক বেড়েই চলেছে। গানটিতে অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহির ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ অঙ্গভঙ্গি তীব্র সমালোচনার মুখে পড়েছে। এরপর গানটি ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়।

গানটির অশালীন কথা এবং কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগে নড়েচড়ে বসেছে ভারতের জাতীয় নারী কমিশন। গানটি নিয়ে অভিযোগ ওঠার পর গত ১৯ মার্চ ভারতের জাতীয় নারী কমিশন গানটির সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে মামলা করে।
সোমবার (৬ এপ্রিল) শুনানিতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সৃজনশীলতার দোহাই দিয়ে নারীর সম্মান ক্ষুণ্ণ করা মোটেই বরদাশত করা হবে না।
শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন অভিনেত্রী নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত। নোরার পক্ষ থেকে তার আইনজীবী উপস্থিত হলেও কমিশন তা গ্রহণযোগ্য মনে করেনি।
অভিনেত্রীকে সশরীর হাজির হওয়ার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয় কমিশন। অন্যদিকে অভিনেতা সঞ্জয় দত্তকেও ৮ এপ্রিল কমিশনের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শুনানি চলাকালীন জাতীয় নারী কমিশনের চেয়ারপারসন বলেন, ‘সৃজনশীলতার নামে নারীর মর্যাদার সঙ্গে কোনোভাবেই আপস করা যায় না।’ যদিও ছবির নির্মাতারা দাবি করেন যে তারা গানের কথার গভীর অর্থ বুঝতে পারেননি, কিন্তু কমিশন সেই যুক্তি খারিজ করে দিয়েছে।
আরও পড়ুনঃ
শেষমেশ নির্মাতারা তাদের ভুলের জন্য লিখিত ক্ষমা চেয়ে স্বীকার করেন যে গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়াও আগামী তিন মাস তারা নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কাজ করবেন এবং সেই রিপোর্ট কমিশনে জমা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমাটি আগামী ৩০ এপ্রিল মুক্তির অপেক্ষায় রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


