ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠের লড়াই শুরু হতে না হতেই বিতর্ক। মুম্বাইয়ে হোটেলে অবস্থানকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আইপিএলে কাজ করতে আসা এক বিদেশি। তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, আইপিএল সম্প্রচারের কাজে ভারতে এসেছিলেন তিনি। নাম উইলিয়াম ল্যাংফোর্ড, বয়স ৭৬। অবস্থান করছিলেন মুম্বাইয়ে। কাজ করছিলেন আইপিএলের সম্প্রচারকারী সংস্থার ইঞ্জিনিয়ার হিসেবে।
সোমবার (৩০ মার্চ) নিজের কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। দ্রুত এই ব্রিটিশ নাগরিককে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, উইলিয়াম পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
যদিও পুলিশ দাবি করেছে, ময়নাতদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এরপরও রহস্যজনক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। চলছে তদন্ত কার্যক্রমও। জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন হোটেলটির কর্মীরা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
তার প্রয়াণে শোক প্রকাশ করে এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘আমাদের চিন্তা ও প্রার্থনা তার পরিবার এবং বন্ধুদের জন্য। আইপিএল এই কঠিন সময়ে উইলিয়াম ল্যাংফোর্ডের পরিবারের প্রতি সব ধরনের প্রয়োজনীয় সহায়তা ও সমর্থন প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আইপিএলের সুসম্পন্ন কার্যক্রমে জড়িত প্রত্যেক সদস্যের স্বাস্থ্য, নিরাপত্তা এবং সামগ্রিক সুরক্ষা সর্বোচ্চ গুরুত্বের বিষয় হিসেবে অব্যাহত থাকবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


