
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন উৎস থেকে আগামী ডিসেম্বরের মধ্যে ১০ কোটি ডোজ টিকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তখন আর টিকার সংকট তৈরি হবে না।
টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্না টিকার প্রথম চালানে ১২ লাখ টিকা পেল বাংলাদেশ।
শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে মডার্নার এ টিকা এসে পৌঁছায়।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, আলাদা দুটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে ২৫ লাখ টিকা। দ্বিতীয় ফ্লাইটে বাকি ১৩ লাখ টিকা শনিবার (৩ জুলাই) দেশ পৌঁছাবে বলেও জানান তিনি।
মডার্নার টিকা বহনকারী প্রথম ফ্লাইট অবতরণের সময় স্বাস্থ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে কোভ্যাক্স থেকে বাংলাদেশ ফাইজারের টিকা পেয়েছে ১ লাখ ডোজ।
এদিকে টিকা বহনকারী একটি ফ্লাইট বাংলাদেশ সময় রাত পৌনে নয়টার দিকে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে এবং রাত একটার দিকে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ১৯ জুন চীন থেকে বাংলাদেশ উপহার হিসেবে ১১ লাখ ডোজ টিকা পেয়েছে। সিনোফার্মের কাছ থেকে সরকার দেড় কোটি টিকা কেনার চুক্তি করেছে। এরমধ্যে এই টিকার প্রথম চালান হিসেবে ২০ লাখ ডোজ আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



