
জুমবাংলা ডেস্ক : ঢাকার অধিকাংশ সড়কই মঙ্গলবার কয়েক ঘণ্টার বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়া মানুষকে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়েছে। অনেক সড়কে কোমর সমান পানির কারণে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। আবহাওয়া অফিস বলছে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের নানা জায়গায় গত রাত থেকে অল্প ও ভারী বর্ষণ হয়েছে।
তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) বলছে, আগের থেকে দ্রুতই পানি সরে যাচ্ছে। ওয়াসার থেকে পাওয়া খালগুলো পরিষ্কার হয়ে গেলে আগামীতে আরও দ্রুত পানি সরে যাবে।
ওদিকে ঢাকার আশেপাশের এলাকাতেও অনেক জায়গায় প্রচণ্ড জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। সাভার ইপিজেড এলাকায় মূল সড়ক কয়েক কিলোমিটার এলাকা বৃষ্টির পানিতে ডুবে ছিল। ভারী বৃষ্টিপাতের কারণে সকালেই বন্ধ হয়ে গিয়েছিল শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল।
মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা প্রায় তিন ঘণ্টা বৃষ্টিপাত হয়। এতেই সকাল থেকে জলাবদ্ধতা দেখা দেয় রাজধানীর ধানমন্ডি, কারওয়ান বাজার, তেজগাঁও, মিরপুরসহ বেশ কয়েকটি এলাকায়। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমতে দেখা যায়। এ ছাড়া অনেক এলাকায় বাসাবাড়িতে পানি চলে আসে। জলাবদ্ধতা নিরসণে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে ডিএনসিসি। আগের তুলনায় বর্তমান সময়ে জলাবদ্ধতা অনেক কম এবং আগামীতেও আরো কমে আসবে বলে দাবি সংস্থাটির।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা গণমাধ্যমকে বলেন, জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সকালে বৃষ্টি দেখেই আমাদের প্রকৌশল বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মীদের মাঠে নামানো হয়েছে। তারা কাজ করছে। আর আজ অনেক বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি হলে পানি কিছুটা জমবে। তবে সেই পানি আগের তুলনায় অনেক দ্রুত সরে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


