রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। রবিবার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি পাওয়া যায় বলে জানানো হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, হাসপাতালের বিভিন্ন অংশ দীর্ঘ সময় ধরে পরিদর্শনের পর একাধিক অনিয়ম পাওয়া যায়। এর ভিত্তিতে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা—মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।
অভিযানকালে দেখা যায়, হাসপাতালের ব্লাড ব্যাংক ছাড়া অন্যান্য ওয়ার্ডের রেফ্রিজারেটরে কোনো মিটার নেই। শুধুমাত্র কিছু নির্দিষ্ট চেম্বারে মিটার পাওয়া যায়। এছাড়া হাসপাতালের বিভিন্ন অংশে অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, একটি স্থানে খাবারজাতীয় পণ্যের লেবেলিং ত্রুটিপূর্ণ ছিল এবং পরিবেশও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। এসব অনিয়ম দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকেও জানানো হয়েছে।
হাসপাতালের ওপর অবস্থিত বেকারি নিয়ে প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানকালে বেকারিটি বন্ধ পাওয়া যায় এবং হাসপাতাল ভবন থেকেই সেটিতে প্রবেশ করা সম্ভব হয়। একই ভবনের অংশ হিসেবেই সেটি দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।
তবে গণমাধ্যমে বেকারিটি হাসপাতালের ভবনের ওপর অবস্থিত বলে প্রচারিত হলেও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, এটি পাশের ভবনে অবস্থিত।
এদিকে সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দেশব্যাপী উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। এ ঘটনায় প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের জবাবদিহির দাবিতে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনুর পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি এবং র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



