জুমবাংলা ডেস্ক : সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে ঢাকার তীব্র তাপপ্রবাহ কমানো অসম্ভব কিছু নয় বলে মনে করেন চিফ হিট অফিসার বুশরা আফরিন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার গুলশানের একটি হোটেলে এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আমি একা চেষ্টা করলে তো হবে না : চিফ হিট অফিসার

তাপপ্রবাহের ঝুঁকি, এর কারণ ও প্রতিকার নিয়ে আয়োজিত এ সেমিনার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

তাপপ্রবাহের বিজ্ঞানসহ বিভিন্ন বিষয় নিয়ে নীতিনির্ধারক, শিক্ষাবিদ, সংবাদমাধ্যম ও নাগরিক সমাজকে অবগত ও সচেতন করতে এ সেমিনার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কন্যা বুশরা আফরিন, যিনি উত্তর সিটির চিফ হিট অফিসার হিসেবে কাজ করছেন।

সেমিনার শেষে সাংবাদিকরা ঢাকার তাপমাত্রা কবে কমবে জানতে চাইলে

বুশরা আফরিন বলেন, ঢাকার তাপমাত্রা কমবে তখন, যখন পৃথিবীর তাপমাত্রা অর্থাৎ কার্বন নিঃসরণ কমবে।

“এক মুহূর্তে শহরের তাপপ্রবাহ কমানো সম্ভব নয়। আবার আমরা সবাই চাইলে এটি অসম্ভব কিছু নয়।”

তিনি বলেন, তীব্র তাপপ্রবাহে ঢাকার নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী। এ তাপপ্রবাহ থেকে বাঁচতে তাদের কোনো উপায় জানা নেই।

“আমাদের উচিত তাদের সমস্যাগুলো চিহ্নিত করা। ওই এলাকাগুলোতে তার সমাধান করা।”

চিফ হিট অফিসার বলেন, “ঢাকা শহরে তাপপ্রবাহ নিয়ন্ত্রণ করা কঠিন। তবে আমি তাপপ্রবাহ কমাতে আশাবাদী। আমরা ঢাকা উত্তরের তাপপ্রবাহের সমস্যাগুলো পয়েন্ট আউট করেছি। এ সমস্যা সমাধানে আমাদের স্বল্প এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা আছে। সেগুলো দিয়ে আমরা কাজ করছি।”

তিনি বলেন, সবাই মনে করে শহরের সব কাজ সিটি করপোরেশন করছে, কিন্তু আসলে এটা সঠিক নয়। এই শহরে সিটি করপোরেশন ছাড়াও আর অনেকে (সংস্থা) আছে তারাও তাদের মতো করে কাজ করছে।

সব সংস্থার মধ্যে সমন্বয় করা যাচ্ছে না কেন- এমন প্রশ্নে বুশরা আফরিন বলেন, “এই প্রশ্ন আমারও। সমন্বয়টা কেন হচ্ছে না, এটা (সমন্বয়) কেন আমাকে করতে হবে। আমি চেষ্টা করছি, আমি একা একা চেষ্টা করলে তো হবে না। সবারই চেষ্টা করতে হবে।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার তাপপ্রবাহ নিয়েও কাজ করার আগ্রহের কথা জানান চিফ হিট অফিসার বুশরা আফরিন।

তিনি বলেন, ডিএনসিসির পাশাপাশি দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণে পরিকল্পনা নেওয়া হোক।

“আমি চাচ্ছি ঢাকা সাউথের জন্যও কাজ করতে। গরমের কারণে আমাদের অনেক বেশি ক্ষতি হচ্ছে। বিশেষ করে তাপমাত্রার কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকা মানুষকে নিয়ে একটা কর্মপরিকল্পনা তৈরি হোক। তীব্র গরমের কারণে অন্যান্য সমস্যাগুলোও মানুষের আরও বেশি ক্ষতি করছে। এগুলো পরীক্ষা করে, তথ্য সংগ্রহ করে এবং সবার সঙ্গে কথা বলেই এই সমাধানগুলো বের করতে হবে।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে কবে নাগাদ কাজ শুরু করতে পারেন জানতে চাইলে ঢাকার প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিন বলেন, বিষয়টি এখনও ভাবনার পর্যায়ে আছে।

”আমি চিন্তা করছি বিষয়টি নিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে কাজ করতে। এটা এখনও আমাদের ভাবনার মধ্যে আছে। এটা করতে হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গেও সমন্বয়ের বিষয় রয়েছে। যদি ফান্ডিং পাই আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে প্রস্তাব দিব।”

ঢাকায় নগর বনায়ন তৈরির উদ্যোগের কথাও বলেছেন চিফ হিট অফিসার। ডিএনসিসির তত্ত্বাবধানে বনানীতে নগর বনায়ন করতে চান তিনি।

বিষয়টি এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, “বনানীতে যে জায়গায় নগর বনায়ন করা হবে, সে জায়গাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের। তাদের কাছ থেকে জায়গাটি অস্থায়ী বরাদ্দ পেতে ছয় মাস সময় লেগেছে। এটা পাওয়া গেছে। এখন পরবর্তী কাজ শুরু হবে।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.