সংযুক্ত আরব আমিরাত (ইউএই) স্পষ্ট করে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। মঙ্গলবার (৩ মার্চ) আবুধাবিতে এক প্রেস ব্রিফিংয়ে দেশটির কর্মকর্তারা নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

এ সময় দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি বলেন, ইউএইর অবস্থান পরিষ্কার। ইরানের বিরুদ্ধে কোনো হামলায় ইউএই তাদের আকাশসীমা বা স্থলভাগ ব্যবহারের অনুমতি দেবে না। একই সঙ্গে তিনি বলেন, সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিক, বাসিন্দা ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষার অধিকার ইউএইর রয়েছে।
রিম আল হাশিমি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গোটা অঞ্চলের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেন এবং বলেন, উপসাগরীয় রাষ্ট্রগুলোর নিরাপত্তা অবিভাজ্য। বর্তমান সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং উত্তেজনা আরও বাড়লে তা আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
সাম্প্রতিক ইরানি হামলার প্রতিক্রিয়ায় ইউএই তেহরানে তাদের দূতাবাস বন্ধ করেছে এবং রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে বলেও জানান তিনি। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র মেজর জেনারেল আবদুল নাসের আল হুমাইদি বলেন, ইউএই কখনোই তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ক্ষুণ্ন হতে দেবে না।
তিনি জানান, সাম্প্রতিক দিনগুলোতে যে শব্দ শোনা গেছে, তা মূলত ক্ষেপণাস্ত্র প্রতিহতের ফল। সশস্ত্র বাহিনী সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে এবং ইউএইর কাছে এমন কৌশলগত প্রতিরক্ষা মজুত রয়েছে, যা দীর্ঘ সময় ধরে আকাশপথের হুমকি মোকাবিলা করতে সক্ষম।
অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তুক জানান, ইউএইর কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও জরুরি পণ্যের পর্যাপ্ত কৌশলগত মজুত রয়েছে, যা চার থেকে ছয় মাসের চাহিদা পূরণে সক্ষম। ফলে পণ্যের কোনো ঘাটতির ঝুঁকি নেই এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বাসিন্দাদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা না করারও আহ্বান জানান।
এ সময় তিনি জানান, যারা দেশ ছাড়তে চান, তাদের যাতায়াত সহজ করতে বর্তমান পর্যায়ে প্রতিদিন ৮০টি ফ্লাইট পরিচালিত হবে। অন্যদিকে ন্যাশনাল এমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) জানিয়েছে, ইউএইজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে এবং সব ধরনের জরুরি সেবা সম্পূর্ণভাবে চালু আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


