আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলে আরেক উত্তেজনার জন্ম দিলো রাশিয়া। গত বৃহস্পতিবার মার্কিন একটি যুদ্ধজাহাজের পেছনে ‘আক্রমণাত্মকভাবে’ ধাওয়া করেছে রুশ একটি যুদ্ধজাহাজ।
বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, উত্তর আরব সাগরে রুশ যুদ্ধজাহাজটি প্রবল বেগে আক্রমণাত্মকভাবে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফারাগাটকে (ডিডিজি ৯৯) ধাওয়া করছে।
মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের ওই জলসীমায় টহলরত অবস্থায় রুশ যুদ্ধজাহাজটি আগ্রাসীভাবে ধাওয়া করে। ওই সময় মার্কিন জাহাজ থেকে পাঠানো সতর্কতামূলক সংকেত হিসেবে ৫টি ছোট বিস্ফোরণ ঘটানো হয়। এর মাধ্যমে রাশিয়ান জাহাজটির গতিপথ পরিবর্তন করতে বলা হলেও তারা ইচ্ছাকৃতভাবে ধেয়ে আসতে থাকে।
মার্কিন নৌবাহিনী জানায়, এই ঘটনায় ওই অঞ্চলে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে পারে।
তবে পাল্টা অভিযোগ ছুঁড়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিক্রিয়ায় তারা জানায়, সমুদ্রপথে ইউএসএস ফ্যারাগাট ‘বিপজ্জনক কৌশল’ অবলম্বন করেছিলো, যার মাধ্যমে তারা ‘অপেশাদার’ আচরণ করেছে।
সিএনএন জানায়, মার্কিন ও রাশিয়ান সামরিক বাহিনীর মুখোমুখি অবস্থানের এটিই সর্বশেষ ঘটনা। এর আগে প্রায় ৭ মাস আগে প্রসান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের যুদ্ধজাহাজ এতোটা কাছাকাছি এসেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


