আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে ইহুদি ভূখণ্ডে হাজার হাজার রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এসব রকেটের অধিকাংশই ঠেকানোর প্রত্যাশা করেছিল ইসরায়েলের রকেট প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু আয়রন ডোম হামাসের সব রকেট ঠেকাতে পারেনি।
এ কারণে ইসরায়েল এখন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আর তাই আয়রন ডোমের খুঁত সারতে তৎপর হচ্ছে তারা। এজন্য ইসরায়েল আমেরিকার কাছে ডলার সহায়তা চেয়েছে।
আল জাজিরার এক খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বৃহস্পতিবার (৩ জুন) ওয়াশিংটন সফর করবেন। সেখানে তিনি ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছে আয়রন ডোমের খুঁত সারতে ১ বিলিয়ন ডলারের অনুরোধ জানাবেন। যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসি গ্রাহাম এবং ইসরায়েলের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জেরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টাপাল্টি হামলা চলে। গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ে হামাস। এর পাল্টা জবাবে গত ১০ মার্চ রাত থেকে ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। টানা ১১ দিন ইসরায়েলের হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে অর্ধশতাধিক শিশু। অন্যদিকে, হামাসের ছোড়া রকেটে ইসরায়েলের ১৩ জন নিহত হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে এবারের যুদ্ধে হামাস প্রায় চার হাজার রকেট ছুড়েছে। ইসরায়েলের আয়রন ডোম হামাসের সব রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (১ জুন) জেরুজালেম সফরকালে যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসি গ্রাহাম সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের কাছে চলতি সপ্তাহে ইসরায়েল এক বিলিয়ন ডলারের অনুরোধ জানাবে। ওই ডলার ইসরায়েল আয়রন ডোম সিস্টেম উন্নতিসহ আরও অনেক কাজে ব্যবহার করবে।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের এই নেতা বলেন, তিনি আশা করেন ১১ দিনব্যাপী হামাস-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে বাইডেন প্রশাসন দ্রুত ইসরায়েলের অনুরোধে সাড়া দেবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এমন এক সময় ইসরায়েলের ডলার সহায়তার অনুরোধ আসছে যখন দেশটির কাছে যুক্তরাষ্ট্র ৩.৮ বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রগতিশীল দলের আইনপ্রণেতারা ওই অস্ত্র বিক্রির অনুমোদন ঠেকানোর চেষ্টা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


