বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন করে তার গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে প্রকাশের অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের বিরুদ্ধে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে এবং ব্রাজিল সমর্থকদের একাংশের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

জানা গেছে, বিএমপির মিডিয়া সেল থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ই-মেইলে প্রথমে যে ছবি পাঠানো হয়, তাতে আটক ব্যক্তিকে ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। পরে বিষয়টি নজরে এলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওই ছবি প্রত্যাহার করে প্রকৃত ছবি ও সংশোধিত তথ্য পুনরায় প্রকাশ করা হয়।
এ বিষয়ে বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ জানান, ঘটনাটি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছিল। তবে ছবি পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে আসার পর তা সংশোধন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করে কাউনিয়া থানা পুলিশ। রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে। আটক হওয়ার সময় তার পরনে ছিল আর্জেন্টিনা দলের জার্সি।
জানা যায়, আটকের পর কাউনিয়া থানা পুলিশ রাসেলের জার্সিটি উল্টো করে পরিয়ে তার ছবি তুলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেলে পাঠায়। পরে অভিযোগ ওঠে, মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিতে ডিজিটাল পরিবর্তন এনে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি সংযুক্ত করেন। একই সঙ্গে গণমাধ্যমে পাঠানো ই-মেইলে আটক ব্যক্তিকে ‘ব্রাজিল সমর্থক’ হিসেবে উল্লেখ করা হয়।
মিডিয়া উইংয়ের তৈরি করা সেই বিকৃত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। পরবর্তীতে গণমাধ্যমকর্মীরা বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদের নজরে আনলে দ্রুত ভুল সংশোধন করে নতুন ছবি ও তথ্য প্রকাশ করা হয়। একইসঙ্গে এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কমিশনার।
অভিযুক্ত বিএমপির মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি স্রেফ ইয়ারকির ছলে ভুলবশত হয়ে গেছে। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মোহাম্মদপুর কলোনির মামুন মিয়ার ঘের সংলগ্ন এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ওসি আরও জানান, পুলিশের অভিযান টের পেয়ে মূল মাদক কারবারি আঁখি (৩২) পালিয়ে যান। আঁখি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে, যেখানে আটককৃত রাসেল এবং পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



