যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রাণ হারিয়েছেন। দেশটির বিভিন্ন প্রদেশে গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে মার্কিন-ইসরায়েলি বাহিনী। তাদের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে সব পক্ষকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছে দুই শক্তিধর দেশ রাশিয়া ও চীন। এই দুই দেশেরই ইরানের সঙ্গে গভীর বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক রয়েছে।

তবে বুধবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, রাশিয়া ও চীনের প্রতি তার দেয়ার মতো কোনো বার্তা নেই। যদিও দেশ দুটির সঙ্গে ইরানের দীর্ঘস্থায়ী কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, ‘তারা (রাশিয়া ও চীন) এখানে প্রকৃতপক্ষে কোনো বিবেচ্য বিষয় নয়। আমাদের বিরোধও তাদের সাথে নয়।’ ইরানের ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’র অবসান ঘটানোই এখন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও যোগ করেন, ইরানের ওপর তার দেশ ও ইসরায়েলের হামলা কেবল শুরু হয়েছে। শিগগিরই আরও কয়েক দফায় হামলা চালানো হবে বলে জানান তিনি। হেগসেথ বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্র নির্ভুল লক্ষ্যভেদী ‘গ্র্যাভিটি বোমা’র অফুরন্ত মজুত ব্যবহার করবে।
প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।
মার্কিন-ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ১০৪৫ জন নিহত হয়েছেন।
যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। তাদের পাল্টা আঘাতে অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত ও কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বহু স্থাপনা ধ্বংস ও প্রাণহানির ঘটনা ঘটছে।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


