আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের পথে থাকা নিচু অঞ্চলের ১০ লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।
দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, বুধবার (২৬ মে) ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশে আঘাত হানতে পারে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঝড়।-খবর রয়টার্স ও আল-জাজিরার।
আইএমডির প্রধান কর্মকর্তা মৃত্যুঞ্চয় মহাপাত্র বলেন, ইয়াসের আঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে।
দেশটির কর্মকর্তাদের মঙ্গলবার (২৫ মে) গাড়ি ও নৌকায় করে উপকূলের নিচু এলাকার বাসিন্দাদের স্কুল, সরকারি ভবন ও আশ্রয়কেন্দ্র বানানো বিভিন্ন স্থাপনায় সরিয়ে নিতে দেখা গেছে। অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের পাঠানো হচ্ছে সরকারি হাসপাতালে।
উড়িষ্যার বালাসোর জেলায় স্বেচ্ছাসেবকদেরকে মেগাফোন ব্যবহার করে বাসিন্দাদের সতর্ক করতে ও সরিয়ে নিতে দেখা গেছে। এখানেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।
ভারতীয় কর্মকর্তা বিশাল কুমার দেব বলেন, বাসিন্দাদের সরিয়ে নেওয়া সবসময়ই চ্যালেঞ্জের। সাধারণ সময়েও নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে। আর এখনতো করোনা আছেই।
তিনি বলেন, বেশিরভাগ সময়ই লোকজন বলে, আমরা তখনই যাবো যখন বৃষ্টি বাড়বে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি।
আইএমডি বলছে, বাতাসের ১৭৭ কিলোমিটারের গতি নিয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে ইয়াস। করোনার ব্যাপক প্রাদুর্ভাবে পর্যুদস্ত ভারতে ১০ দিনের মধ্যে দ্বিতীয় এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


