ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়া ঈদুল আজহার দিন গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার দুই নাতনিসহ স্বজনদের সাথে প্রায় দুই ঘণ্টা সময় কাটিয়েছেন এবং বাড়ি থেকে রান্না করে আনা খাবার খেয়েছেন। খবর ইউএনবি’র।

দলীয় সূত্র জানায়, বিএনপি প্রধানের ছয়জন স্বজন সোমবার দুপুর দেড়টার দিকে রান্না করা খাবার, নতুন পোশাক ও ফুল নিয়ে বিএসএমএমইউর ৬২১ নম্বর কেবিনে যান।

স্বজনদের মাঝে ছিলেন- খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান এবং খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভীক এস্কান্দার।

তারা বিকাল সাড়ে ৩টার দিকে কেবিন থেকে বেরিয়ে আসেন।

হাসপাতাল থেকে বেরিয়ে খালেদা জিয়ার স্বজনরা বলেন, তিনি দুই নাতনি জাহিয়া ও জাফিয়াকে দেখে অনেক খুশি হয়েছেন। তারা দাদির পা ছুঁয়ে সালাম করার পর তিনি তাদের জড়িয়ে ধরেন এবং আদর করেন।

স্বজনরা আরও বলেন, বিএনপি প্রধানের শারীরিক অবস্থা ভালো নয়। তিনি অন্যের সাহায্য ছাড়া হাটতে পারেন না।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। তবে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে গত ১ এপ্রিল থেকে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন।

খালেদা জিয়ার সাথে আছেন তার গৃহকর্মী ফাতেমা বেগম।

এ নিয়ে টানা চার ঈদ কারাগারে কাটালেন খালেদা জিয়া। গত বছরের দুই ঈদে তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তারও আগে ২০০৭ সালে ১/১১ সরকারের আমলে গ্রেপ্তার হয়ে দুটি ঈদ কারাগারে কাটাতে হয়েছিল বিএনপি প্রধানকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.