পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে। যাত্রীরা ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের যাত্রার জন্য অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন-এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ।
তিনি জানান, ৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই টিকিট বিক্রি হবে। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা পছন্দের বাস, রুট ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। প্রথম দিনে ১২ মার্চ থেকে ঈদের আগের দিনের যাত্রার টিকিট বিক্রি করা হবে।
রাকেশ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।
টিকিট কালোবাজারি ঠেকাতে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


