
স্পোর্টস ডেস্ক : আইপিএলের এবারের আসরের প্রথম ম্যাচেই শ্বাসরুদ্ধকর এক লড়াই উপভোগ করলেন দর্শকরা। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ বলে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ২ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
লক্ষ্য ছিল ১৬০ রানের। ১২২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বলতে গেলে লড়াই থেকে ছিটকে পড়তে যাচ্ছিল ব্যাঙ্গালুরু। এমন বিপদের মুখে দাঁড়িয়ে চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স।
শেষ তিন ওভারে দরকার ৩৪ রান। ডি ভিলিয়ার্সকে সঙ্গ দেয়ার মতো তখন স্বীকৃত ব্যাটসম্যান কেউই নেই। তবু প্রোটিয়া তারকা লড়লেন। ঘুরে দাঁড়িয়ে সহজ জয়ের পথ তৈরি করে দিলেন মুম্বাইকে।
কিন্তু সহজটা সহজ হলো না। শেষ ওভারে ৬ বলে দরকার পড়ে ৭ রান। মার্কো জানসেনের করা নিয়ন্ত্রিত সেই ওভারের প্রথম ৩ বলে ৪ রান আসলেও চতুর্থ বলে ডাবলস নিতে গিয়ে রানআউট হন ডি ভিলিয়ার্স। ২৭ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলা এই ব্যাটসম্যান আউট হওয়ার পর আবার জমে উঠে ম্যাচ।
পরের বলে মোহাম্মদ সিরাজের পায়ে লেগে বাই এক রান হলে শেষ বলে গড়ায় লড়াই। ওই বলটি ব্যাঙ্গালুরুর মিস হলে টাই হয়ে যেতে পারতো। তবে রোমাঞ্চকর এই লড়াইয়ের শেষটা হয়েছে বল হাতে ম্যাচের নায়ক হার্শাল প্যাটেলের ব্যাটেই। জানসেনের ইয়র্কার ডেলিভারি শর্ট ফাইন লেগে ঠেলে হার্শাল এক রান পূর্ণ করতেই আনন্দে ফেটে পড়ে ব্যাঙ্গালুরু শিবির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



