
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো আগামী এপ্রিল মাসের মধ্যে বাস্তবায়ন হলে রাজধানীর যানজট সমস্যার অনেকটা নিরসন হবে। তারপর মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি বাস্তবায়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় আমাদের এই ট্রাফিক সিস্টেমের একটা ব্যাপক উন্নয়ন হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন, তার অংশ হিসেবে আমরা স্বল্পমেয়াদি কী করতে পারি, মধ্যমেয়াদি কী করতে পারি এবং দীর্ঘমেয়াদি কী করতে পারি- সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
সংশ্লিষ্ট সকল দপ্তর—ডিএমপি, সিটি করপোরেশনের দুই প্রশাসন, হোম মিনিস্ট্রি, রাজউক এবং বুয়েটের বিশেষজ্ঞ, অন্যান্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় যারা এগুলোর সঙ্গে জড়িত, আর ডিটিসিএসহ আরও অন্যান্য কর্তৃপক্ষ সবাই উপস্থিত ছিলেন। ’
সভায় সিদ্ধান্তমূলক অনেক আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, স্বল্পমেয়াদি কী কী বিষয়ে আমরা অ্যাড্রেস করতে পারি। এগুলো সবই রেজুলেশন আকারে পরে জানানো হবে, আমি এখানে বিস্তারিত কিছু বলতে চাই না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ট্রাফিক সিগন্যালগুলো আমরা অটোমেশনের ব্যবস্থা করছি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে।
এখন সাতটা কাজ করছে, আর সপ্তাহখানিকের মধ্যে আরও ছয়টা ইন্টারসেকশনে কাজ হবে সিগন্যাল মোড়ে। এরপরে পর্যায়ক্রমে ১২০টার মতো সিগন্যাল আছে ঢাকা শহরে, সবগুলোই অটোমেশন করা হবে। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


