Advertisement
নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ অক্টোবর অনুষ্ঠেয় রংপুর-৩ (রংপুর সদর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পাচ্ছেন রংপুর মহানগর শাখা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াছির। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষণা দিবে দলটি।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছিলেন এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ। তবে তার মনোনয়নের জন্য দলের একাংশকে নিয়ে এখনও চেষ্টা অব্যাহত রেখেছেন রওশন এরশাদ।

সাদকে মনোনয়ন দিলে আসনটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকায় জাতীয় পার্টি এসএম ইয়াছিরকে মনোনয়ন দিচ্ছেন বলে জানান দলের একাধিক প্রেসিডিয়াম সদস্য।

যুক্তি হিসাবে তারা বলেন, রংপুরের মাটি ও মানুষের কাছ থেকে একেবারে বিচ্ছিন্ন ছিলেন সাদ। এছাড়া, নেতাকর্মীদের সঙ্গেও তেমন জানাশোনা নেই তার। ফলে পার্টির স্থানীয় নেতা এসএম ইয়াছিরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

গতকাল শুক্রবার রাজধানীর বনানীতে রংপুর-৩ আসনের উপনির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিয়েছে আট সদস্য বিশিষ্ট পার্লামেন্টারি বোর্ড। বোর্ডের চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে সাক্ষাতকার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বোর্ডের সদস্য-সচিব মসিউর রহমান রাঙ্গা।

পার্লামেন্টারি বোর্ডে গতকাল মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সাক্ষাতকার দিয়েছেন এসএম ইয়াছির, জাতীয় পার্পাটির প্রেসিডিয়াম সদস্য ফখর-উজ-জামান জাহাঙ্গীর ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবদুর রাজ্জাক। আরেক মনোনয়ন প্রত্যাশী এরশাদ ও জি এম কাদেরের ভাগনি ড. মেহেজেবুন্নেসা রহমান (টুম্পা) সাক্ষাতকার না দিলেও বোর্ডের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে গতকাল সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন বোর্ডের অন্যতম সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।

দলের মনোনয়ন ফরম কিনলেও সাক্ষাতকার দিতে আসেননি এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু জানান, রংপুর উপনির্বাচনে আমাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শনিবার ঘোষণা করা হবে। উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাশী টুম্পা হলেন জিয়াউদ্দিন বাবলুর স্ত্রী।

এদিকে, আগামীকাল রবিবার গুলশানের বাসভবনে পাল্টা ‘পার্লামেন্টারি বোর্ড’-এর সভা এবং একই দিন বিকালে জাপার সংসদীয় দলের সভা ডেকেছেন বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। তবে এ সভা আহ্বানকে অবৈধ বলেছেন জিএম কাদেরের অনুসারীরা।

জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত শুক্রবারের যৌথ সভায় সিদ্ধান্ত হয়, এমপিরা রওশনের ডাকা সভায় যাবেন না। ১৬ জন এমপি রওশনের সভায় যাচ্ছেন না বলে দাবি করেছেন কাদেরপন্থিরা। আরও তিন এমপি রাঙ্গাঁর মতো দু’পক্ষ থেকে দূরে রয়েছেন। রওশনের পক্ষে আছেন ছয়জন। গতকাল রওশন তার বাসায় অনুসারীদের নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন। তবে তার পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

গত ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর চার দিনের মাথায় জিএম কাদেরকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। রওশন তা মেনে নিতে অস্বীকৃতি জানান। গত ৩১ আগস্ট এরশাদের চেহলামের পর দু’পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এরশাদের মৃত্যুতে শূন্য বিরোধীদলীয় নেতার পদে বসতে চেয়ে স্পিকারকে চিঠি দেন জিএম কাদের। এ চিঠি আমলে না নিতে পাল্টা চিঠি দেন রওশন।

গত বৃহস্পতিবার রওশনের বাসায় সংবাদ সম্মেলন করে তাকে জাপার চেয়ারম্যান ঘোষণা করা হয়। রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষমতা দাবি করে দেবর-ভাবি পাল্টাপাল্টি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে।

জাপার প্রেসিডিয়ামের সদস্য সংখ্যা ৫১। এর মধ্যে আটজনকে এরশাদের মৃত্যুর পর নিয়োগ দিয়েছেন জিএম কাদের। জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের যৌথ সভায় দলের ২৫ এমপির ১২ জন এবং ২৮ জন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার রওশনের বাসায় সংবাদ সম্মেলনে অংশ নেওয়া প্রেসিডিয়াম সদস্য সোহেল রানা এদিন জিএম কাদেরের যৌথ সভায় যোগ দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.