
আন্তর্জাতিক ডেস্ক : কন্যাসন্তান জন্ম দেওয়ায় কোনো নারীকে নির্যাতনের খবর প্রায়ই আমাদের চোখে পড়ে। কিন্তু এবার ঘটলো উল্টো এক ঘটনা। কন্যাসন্তান জন্ম দেওয়ায় পুত্রবধূকে বাড়িতে আনতে হেলিকপ্টার পাঠিয়েছিলেন এক শ্বশুর। শুনতে অবাক লাগলেও সত্য, গত বুধবার এমনই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের নাগর জেলায়। খবর এনডিটিভির।
জানা গেছে, জেলার হনুমান প্রজাপতের স্ত্রী চুকি দেবী গত ৩ মার্চ হাসপাতালে কন্যাসন্তান প্রসব করেন। শিশুটির নাম রাখা হয় রিয়া। জন্মের পর হাসপাতাল থেকে তাকে প্রথমে নেওয়া হয় রাজস্থানের হারসোলাভ গ্রামে তার নানাবাড়িতে। সেখানে একমাস থাকার পর গত বুধবার রিয়াকে নেওয়া হয় নাগর জেলার নিম্বড়ি চান্দয়াতা গ্রামে তার দাদাবাড়িতে। তবে রিয়ার দাদা মদনলাল কুমার যেনতেনভাবে নাতনিকে স্বাগত জানাতে রাজি ছিলেন না। কারণ, ৩৫ বছরের মধ্যে এই প্রথম তার পরিবারে কোনো কন্যাশিশুর জন্ম হয়েছে। আর তাই পুত্রবধূ ও নাতনিকে বাড়িতে আনতে হেলিকপ্টার পাঠিয়েছিলেন তিনি।
এ বিষয়ে রিয়ার বাবা হনুমান প্রজাপত সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আমরা আমাদের বাড়িতে রাজকন্যার আগমনকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। এজন্য আমি ও আমার পরিবার সর্বোচ্চ হেলিকপ্টারের ব্যবস্থাই করতে পারতাম এবং আমরা সেটাই করেছি।’
রিয়ার দাদা মদনলাল বলেন, ‘৩৫ বছর পর আমাদের পরিবারে একটি কন্যাশিশুর জন্ম হয়েছে। এই খুশিতেই আমরা এমন ব্যবস্থা করেছি। আমি আমার নাতনির সব স্বপ্ন পূরণ করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


