
শনিবার থেকে স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে পাওয়া নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন অত্যাধুনিক ল্যাব সুবিধা সমৃদ্ধ এ গবেষণা প্রতিষ্ঠানটি। ধামরাই ও পাশ্ববর্তী এলাকা থেকে পাওয়া ১৯টি নমুনা পরীক্ষার কাজ এরইমধ্যে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
রিয়েল টাইম পিসিআর প্রযুক্তিসমৃদ্ধ দেশের অন্যতম বৃহত্তম এই বিএসএল-২ (বায়োসেইফটি লেভেল-২) ল্যাবে বায়োলজিক্যাল নিরাপত্তার সব ধরনের সুবিধা রয়েছে। প্রতিদিন ৩০০টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে এই ল্যাবটির।
গত ২০ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত করার জন্য সাভার ও পার্শ্ববর্তী এলাকা থেকে পাওয়া নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতর চিঠির মাধ্যমে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালককে অনুরোধ জানায়। পিসিআর কিট ও অন্যান্য লজিস্টিক স্বাস্থ্য অধিদফতর সরবরাহ করবে বলেও এই চিঠিতে জানানো হয়।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের উদ্যোগে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবকে নির্বাচন করার জন্য স্বাস্থ্য অধিদফতরকে অনুরোধ জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে সরবরাহ করা নমুনা সংগ্রহ, গবেষণাগারে পাঠানো ও শনাক্ত করা এবং ডাটা এন্ট্রি ও ডকুমেন্ট তৈরিসহ সার্বিক কাজের জন্য ইনস্টিটিউটের বিজ্ঞানি ও কর্মচারীদের সমন্বয়ে ১৪ সদস্যের একটি টিম এবং এ সংক্রান্ত পুরো কার্যক্রম সমন্বয়, তত্ত্বাবধান ও সহায়তা প্রদানের জন্য ৬ সদস্যের একটি মনিটরিং টিম গঠন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।
এ প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সামগ্রিক কর্মসূচির অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমাদের অত্যাধুনিক ল্যাবরেটরি করোনাভাইরাস নির্ণয়ে প্রস্তুত এবং চলমান পরিস্থিতি মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



