উপনির্বাচন

Advertisement
রংপুর প্রতিনিধি: রংপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনের প্রচার শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে। আগামীকাল শনিবার ভোটগ্রহণ হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে একটানা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচনে প্রার্থী ছয়জন। জাতীয় পার্টির রাহগীর আল মাহি সাদ এরশাদ ছাড়া অন্যরা হলেন বিএনপির রিটা রহমান, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, গণফ্রন্টের কাজী শহীদুল্লাহ, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শফিউল আলম।

রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে ভোটার প্রায় সাড়ে চার লাখ। ১৭৫টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবে ভোটাররা।

গতকাল সকাল ৯টায় ভোটের প্রচারণা শেষ হওয়ার আগে নির্বাচনী এলাকা চষে বেড়িয়েছেন আলোচনায় থাকা তিন প্রার্থী সাদ এরশাদ, রিটা রহমান ও আসিফ শাহরিয়ার। অন্য তিন প্রার্থীকে মাঠে দেখা যায়নি। তবে তাঁদের পক্ষে ভোট চেয়ে মাইকিং শোনা গেছে।

সাদ এরশাদ নগরের মাহিগঞ্জ, সিগারেট কম্পানি, তামপাট, দর্শনাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। রাতে শাপলা চত্বরে তাঁর নির্বাচনী পথসভা জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশে পরিণত হয়। রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সাদ এরশাদ ছাড়াও বক্তব্য দেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের জেলা ও মহানগর শাখার বেশ কয়েকজন নেতা। তাঁদের মধ্যে ছিলেন নির্বাচন থেকে সরে দাঁড়ানো আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজুও।

আওয়ামী লীগ নেতারা সাদের প্রতি সমর্থন জানিয়ে সব ভেদাভেদ ভুলে তাঁকে বিজয়ী করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের বন্ধু। তাই লাঙল প্রতীককে বিজয়ী করে বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।

বিএনপি প্রার্থী রিটা রহমান নগরের সাতমাথা, মডার্ন মোড়, নজিরের হাট, পালিচড়ায় পথসভা করেন। এ ছাড়া পায়রা চত্বর, গ্র্যান্ড হোটেল মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন তাঁর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজার রহমানসহ বেশ কয়েকজন নেতা। এর আগে বুধবার দুপুরে প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন করেন ইকবাল হাসান।

স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার নগরের সেনপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। তবে শেষ দিনের প্রচারে তেমন সরব ছিল না তাঁর কর্মী-সমর্থকরা।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.