স্পোর্টস ডেস্ক : কিরগিজস্তানে আরো একবার হতাশা নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে প্রথমার্ধের দুই গোলের পর দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে জামাল ভুঁইয়ারা। যদিও দ্রুতই গোলের দেখা পেয়ে ব্যবধান কমায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি জেমি ডের শিষ্যদের।
মঙ্গলবার কিরগিজস্তানের স্পার্তাক স্টেডিয়ামে তিন জাতি ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। নিজেদের ঘরেই ট্রফি রেখে দিয়েছে কিরগিজস্তান।
কিরগিজদের হয়ে গোল করেছেন আদার মোল্ডোঝুনুসভ, আলিমার্দন শুকুরভ, তুরসুনালি রুস্তামোভ এবং বখতিয়ার দুশদেভোক। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মাহবুবুর রহমান সুফিল।
এ নিয়ে সবশেষ তিন ম্যাচেই কিরগিজস্তানের কাছে হারল বাংলাদেশ। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে ২০১৫ সালে প্রথম লেগে ৩-১ গোলে হারের পর ফিরতি লেগে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
ফিফা র্যাংকিংয়ে ৮৭ ধাপ সামনে থাকা কিরগিজরা মাঠে সেই পার্থক্য দেখিয়েছে প্রাধান্য নিয়ে খেলে। দুই অর্ধে দুটি করে গোল আদায় করে ম্যাচটি তারা সহজেই নিজেদের করে নিয়েছে। ১০ মিনিটে প্রথম, ৪০ মিনিটে দ্বিতীয় এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় স্বাগতিকরা। ৫২ মিনিটে সুফিল গোল করে ব্যবধান ৩-১ করলেও শেষ দিকে সেটি আবার ৪-১ বাড়িয়ে নেয় কিরগিজস্তান।
বাংলাদেশ প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছিল ফিলিস্তিনের কাছে। ওই ম্যাচের পরই বাংলাদেশের সেরা হওয়ার সম্ভাবনা উবে যায়। ৩-০ গোলে জিতলে বাংলাদেশের ভাগ্য খুলতো, সেখানে হেরেছে ৪-১ ব্যবধানে। বাংলাদেশ দুই ম্যাচে ৬ গোল খেয়ে শূন্যহাতে শেষ করলো টুর্নামেন্ট।
প্রথম ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন বাংলাদেশ কোচ জেমি ডে। কিন্তু কিরগিজস্তানকে আটকাতে জেমির কোনো কৌশলই কাজে লাগেনি।
বৃহস্পতিবার বাংলাদেশ কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


