জুমবাংলা ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গত ১২ বছরে দেশে অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়ন ও অগ্রগতির কোনও কিছুতেই পাকিস্তান আমাদের ধারে-কাছে নেই। সোমবার (১৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব ভোক্তা-অধিকার দিবস’ উপলক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
টিপু মুনশী বলেন, ‘বঙ্গবন্ধু সোনার বাংলা নির্মাণ করতে চেয়েছিলেন। সোনার বাংলা মানে— দেশের জনগণ ভালো থাকবে, উন্নত জীবন পাবে, শিক্ষিত হবে, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মাধ্যমে সকল উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। বঙ্গবন্ধুকে হত্যা করার অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তান বানানো। কারণ, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাংলাদেশ পছন্দ হয়নি। তারা চেয়েছিল পাকিস্তানের ভাবধারায় ফিরে যেতে। দীর্ঘ ২১ বছর তারা চায়নি দেশের উন্নয়ন হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
ভোক্তার অধিকার বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ‘যাদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ, তাদের প্রতি কাজের মাধ্যমে ঋণ শোধ করতে পারবো। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত স্বীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে।’
টিপু মুনশি বলেন, ‘করোনার সময় কিছু কিছু লোক সুযোগ-ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে থাকায় করোনা আক্রান্ত ভোক্তারা কম বঞ্চিত হয়েছেন।’ এজন্য তিনি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— শিল্প সচিব কে এম আলী আজম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. মুন্তাকিম আশরাফ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


