জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীন থেকে ফেরা এক যুবক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
অসুস্থ তাজবিদ হোসেন (২৫) নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের ব্যবসায়ী আলতাফ হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, তাজবিদ চীনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। গত ২৯ জানুয়ারি তিনি দেশে ফেরেন এবং বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাড়ি আসেন। শনিবার সকালে তার জ্বর ও শ্বাসকষ্ট হলে পরিবারের লোকজন তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
প্রতিবেশী শিক্ষক আমিনুর রহমান বলেন, ‘তাজবিদ চীন থেকে আসার পর শনিবার জ্বর হলে সে আতঙ্কিত হয়ে ডোমার হাসপাতালে চিকিৎসার জন্য যায়।’
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মোকাদ্দেম হোসেন বলেন, ‘তাজবিদ করোনাভাইরাসে আক্রান্ত কি না তা এখনও নিশ্চিত নই। এখানে এ ধরনের পরীক্ষা-নিরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় তার রক্তসহ অন্যান্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।’ সূত্র : ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


