বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় আগাম পদক্ষেপ হিসেবে মালয়েশিয়া সরকার হোম-অফিস বা বাসা থেকে কাজের নীতি চালু করছে। আগামী ১৫ এপ্রিল থেকে সরকারি খাত, সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থা এবং সরকার-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর জন্য এই নির্দেশনা কার্যকর হবে।

বুধবার (১ এপ্রিল) এক বিশেষ ব্রিফিংয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং হঠাৎ মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে জনগণকে সুরক্ষা দিতে এটি বৃহত্তর কৌশলের অংশ।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পরিবার ও ব্যবসায়িক খাতে পড়ার জন্য অপেক্ষা না করে আগাম ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘জনসমর্থন উদ্যোগের’ আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, বৈশ্বিক পরিস্থিতি উন্নতির আগে আরও অবনতির আশঙ্কা রয়েছে এবং পুনরুদ্ধারে দীর্ঘ সময় লাগতে পারে। এরই মধ্যে সরকার কিছু পদক্ষেপ বাস্তবায়ন করেছে। ‘বুদি মাদানি ৯৫’ কর্মসূচির আওতায় প্রতি মাসে ২০০ লিটার জ্বালানির কোটা নির্ধারণ এবং সাবাহ, সারাওয়াক ও লাবুয়ানে ভর্তুকিযুক্ত ডিজেল ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন তার মধ্যে উল্লেখযোগ্য।
আনোয়ার ইব্রাহিম বলেন, এসব পদক্ষেপের লক্ষ্য হলো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব কমানো ও ভর্তুকি যেন সঠিকভাবে লক্ষ্যে পৌঁছায় তা নিশ্চিত করা। তিনি আরও জানান, তেলের দাম বৃদ্ধির চাপ সামাল দিতে এবং ভোক্তাদের সুরক্ষা দিতে সরকার বর্তমানে প্রতি মাসে প্রায় ৪ বিলিয়ন রিঙ্গিত ব্যয় করছে।
আরও পড়ুন
সূত্র: স্ট্রেইটস টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


