পবিত্র রমজান উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত গাজা ও সুদানসহ বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। সংস্থাটি এবার বড় পরিসরে ইফতার ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

ইতিমধ্যে গাজার রেমাল, জাওয়াদা ও দেইর আল-বালাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় অন্তত ৩০০ পরিবারকে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের রমজানে তাদের লক্ষ্য বিশাল। গাজায় ১ লাখ রোজাদারের ইফতার ও খাদ্য সহায়তা, সুদানে যুদ্ধকবলিত ৫০ হাজার মানুষের সেবা এবং বাংলাদেশে প্রায় দেড় লাখ মানুষের মাঝে ইফতার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে তারা।
বাংলাদেশ ও ইউরোপের দাতাদের সহযোগিতায় মিশর হয়ে গাজা ও সুদানে এই সহায়তা কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মিশরে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত, মিশরীয় রেড ক্রিসেন্ট, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞগণসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মানবাধিকার কর্মীরা।
স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সংস্থাটির মহাপরিচালক মুহাম্মদ রাজ বলেন, ‘আমাদের প্রতিটি কার্যক্রমের ছবি, ভিডিও ও প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা হচ্ছে। এতে দাতারা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছেন। আমরা শুরু থেকেই সময় ও তারিখসহ সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখছি।’
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা ও সুদানে নিয়মিত সহায়তার পাশাপাশি বাংলাদেশেও বহুমুখী কাজ করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি। অসহায়দের চিকিৎসাসেবা, কর্মসংস্থান সৃষ্টি, বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং নওমুসলিমদের পুনর্বাসনে দীর্ঘ দিন ধরে ভূমিকা রাখছে এই সেবামূলক প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


