
বুধবার দুপুরে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
মাহমুদুর রহমান মান্না বলেন, করোনার এই বিভীষিকাময় পরিস্থিতিতেও সরকার হিংসাত্মক রাজনীতির আশ্রয় নিয়েছে। যেখানে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই মহামারির মোকাবেলা করার কথা। কিন্তু সরকার আকতার হোসেনসহ ছাত্র অধিকার পরিষদের অনেককে গ্রেপ্তার করেছে। নুরুল হক নূরের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, একদিকে অক্সিজেন, আইসিইউয়ের অভাবে বিনা চিকিৎসায় করোনায় মৃত্যুর মিছিল, লকডাউনে কাজ হারানো নিম্ন আয়ের মানুষদের না খেয়ে দিনাতিপাত করার চিত্র, অন্যদিকে বিরোধী শক্তির ওপর সরকার এবং সরকারিদলের একের পর এক মামলা, গ্রেপ্তার, হয়রানি চলছে।
নূরের বিরুদ্ধে মামলার বিষয়ে মাহমুদুর রহমান বলেন, নূর তার লাইভে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করেননি। দেশের মানুষের সকল সাংবিধানিক অধিকার হরণ করে মুখে ইসলামী মূল্যবোধের কথা বলা বেমানান। কারণ ইসলাম ক্ষমার ধর্ম, মানবতার ধর্ম, উদারতার ধর্ম, ইনসাফের ধর্ম। বর্তমান সরকার এবং ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটছে না। অন্তত এই সংযমের মাসে তাদের কাছ থেকে অনেক বেশি উদারতা, মানবতা, ইনসাফ কাম্য ছিল।
নূরের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করার অভিযোগে যে মামলা করা হয়েছে তা অনভিপ্রেত উল্লেখ করে তিনি অবিলম্বে এই সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।
পাশাপাশি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেনসহ ছাত্র অধিকার পরিষদের অন্য নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন মান্না। তিনি সরকারকে হিংসাত্মক রাজনীতি থেকে সরে এসে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে করোনা মহামারি মোকাবেলার আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



