ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট দেশগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
পরিস্থিতির প্রভাবে এসব রুটে পরিচালিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি এড়াতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর জন্য একাধিক নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
নির্দেশনায় বলা হয়েছে, ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য যাত্রীদের খুদেবার্তা, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে আগাম জানাতে হবে। পাশাপাশি বিমানবন্দরে এয়ারলাইন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে।
পুনর্নির্ধারিত ফ্লাইটের বিষয়ে স্পষ্ট ও সমন্বিত তথ্য দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও ভোগান্তি এড়ানো যায়।
এদিকে, সংশ্লিষ্ট রুটে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


