Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার কলেবর দিনে দিনে বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ঢাকা মেয়র কাপের ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

শেখ তাপস বলেন, আমাদের তরুণদের কীভাবে খেলাধুলায় আরও বেশি পরিমাণে সম্পৃক্ত করাতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে আমাদের ঢাকা শহরের খেলোয়াড়রা কীভাবে বহির্বিশ্বের অন্যান্য শহরের সাথে প্রতিযোগিতায় অংশ নিতে পারে, সেই চিন্তা-চেতনা ও পরিকল্পনাও আমরা সন্নিবেশ করছি। সুতরাং ঢাকা মেয়র কাপের কলেবর দিনে দিনে বৃদ্ধি পাবে।

মেয়র কাপ আয়োজনের মাধ্যমে ঢাকার সন্তানেরা খেলাধুলায় এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে মেয়র বলেন, ইতোমধ্যে ফুটবল ও ক্রিকেট খুবই জমজমাট হয়ে গেছে। আজকেও অনেক খেলা অনুষ্ঠিত হয়েছে। সেখানে তীব্র প্রতিযোগিতা হয়েছে। এর মাধ্যমে আমাদের ঢাকার সন্তানেরা ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টনে এগিয়ে যাবে। সংস্কৃতিতে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বলেন, নিয়মিতভাবে ঢাকা মেয়র কাপের আয়োজনের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তরুণ প্রজন্মকে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন। তিনি খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে জীবনের অনুষঙ্গে পরিণত করার চেষ্টা অব্যাহত রেখেছেন। সেজন্য আমি তাকে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষ হতে ধন্যবাদ জানাই।

পরে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক ‘শাটল (ফেদার) সার্ভ’ এর মাধ্যমে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন।

১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর ও ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাদ্দেস হোসেন জাহিদসহ কমিটির অন্যান্য সদস্য, কাউন্সিলররা, দক্ষিণ সিটি করপোরেশন এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১০ ফেব্রুয়ারি ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। আগামী ৯ মার্চ ঢাকা মেয়র কাপের সমাপনী খেলা ও এবারকার আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হবে।

ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন নিয়ে ৪র্থ বারের মতো এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ফুটবল ও ক্রিকেটের ইতোমধ্যে প্রথম পর্ব (রাউন্ড) শেষ হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি হতে ক্রিকেটের ২য় পর্ব এবং ২৪ ফেব্রুয়ারি হতে ফুটবলের ২য় পর্ব শুরু হয়েছে।

এবারকার আয়োজনে ব্যাডমিন্টনে মোট ৬৪টি দল অংশ নিচ্ছে। ব্যাডমিন্টনের ফাইনাল খেলার বিজয়ী দল ৩ লাখ টাকা এবং বিজিত দলকে ২ লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়।

কক্সবাজার যাচ্ছেন সব রাষ্ট্রদূত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.