Advertisement
জুমবাংলা ডেস্ক :  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের মামলার রায় ঘোষণা হবে আজ বুধবার (২ আগস্ট) বেলা ৩টায়। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মোঃ আছাদুজ্জামান এ রায় ঘোষণা করবেন।

গত ২৭ জুলাই মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের বিশেষ বিপি মোশারফ হোসেন কাজল শুনানি শেষ করেন। এরপর আদালত রায়ের তারিখ ধার্য করেন।

বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল যুক্তিতর্ক শুনানিতে দাবি করেন, জোবাইদা রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীগণ অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইনে দুই আসামির সর্বোচ্চ শাস্তি কামনা করেন পিপি।

উল্লেখ্য, এই মামলায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। আর সম্পদের তথ্য অর্জন ও গোপনে সহযোগিতা করার অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

তারেক ও জোবাইদা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশ নিতে পারছেন না।

গত ২১ মে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ড. মোঃ জহিরুল হুদার সাক্ষ্যের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ২৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে তা সমাপ্ত ঘোষণা করা হয়। এর আগে গত ১৩ এপ্রিল তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়িকে মামলা থেকে হাইকোর্ট অব্যাহতি দেন।

এ দিকে রায় ঘোষণার কারণে আদালতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই আদালতের প্রবেশপথ ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকার উপ-পুলিশ কমিশনার প্রসিকিউশন মোঃ আনিসুর রহমান বলেন, আদালতের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিএনপি নেত্রী শামা ওবায়েদকে সতর্ক করলেন নিক্সন চৌধুরী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.