জুমবাংলা ডেস্ক : ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দেওয়ার পরও নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যবস্থা নেয়নি বলে মন্তব্য করেছেন একই সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবস্থিত ডিএসসিসি নির্বাচনের রির্টানিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে এ অভিযোগ করেন ইশরাক। এ সময় নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন ও নখদন্তহীন বাঘ বলেও মন্তব্য করেছেন তিনি।
ইশরাক হোসেন বলেন, গত তিনদিন আগে ইসিতে লিখিতভাবে অভিযোগ দিয়েছি, আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে। ইসি কোনো পদক্ষেপ নেয়নি, কালবিলম্ব করছে। তাদের অবস্থা আমরা বুঝি। তাদের সেই ক্ষমতা নেই। এনিয়ে আমরা বিচলিত নই, পরোয়া করি না। আমরা আচরণবিধি মেনে চলছি।
আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের ইসিতে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, এসব মিডিয়ায় কথা বলার অজুহাত। তারা প্রচারণা করছেন, ঘরোয়া বৈঠকেও অংশ নিচ্ছেন। আমাদের কাছে সব তথ্য আছে। আমরা তো এক শহরে বাস করি, ভিনগ্রহে বাস করি না।
ইশরাক আরো বলেন, বাবা (সাদেক হোসেন খোকা) বেঁচে থাকলে নিশ্চয়ই আমার জন্য গর্ববোধ করতেন। তিনি ৩৫ বছর বিএনপির রাজনীতি করেছেন। ১৯৯১ সালে প্রথম নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। সেই প্রতীক নিয়ে আমি মেয়র পদে নির্বাচন করছি। দলের প্রত্যাশা পূরণ করবো।
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


