জুমবাংলা ডেস্ক : ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি করা নিয়ে দেশে অনেক দিন ধরে আলোচনা চলছে। এতোদিনেও এ ‘চুক্তি হয়নি’ জানা থাকলেও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বললেন ভিন্ন কথা। তিনি বলেন, তিস্তা চুক্তি হয়ে গেছে আরও ১০ বছর আগেই, তবে বাস্তবায়ন হয়নি।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ কে মোমেন বলেন, ‘তিস্তাতো অলরেডি ১০ বছর আগে চুক্তি হয়ে গেছে। বাস্তবায়ন হয় নাই।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভারত সরকার আমাদের বলেছে, আগে যে চুক্তি হয়েছে সেটা স্ট্যান্ডবাই। তারা এটা গ্রহণ করে এবং এর থেকে কোনো ব্যত্যয় হয় নাই। কী কারণে যে বাস্তবায়ন হয় নাই, আমরা তো সেটা জানি।’
২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে দু’দেশের পানি সম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানিবন্টন চুক্তির বিষয়ে দু’পক্ষ একমত হয়েছিল। ওই সফরেই চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে বসায় তা আটকে যায়।
এরপর নরেন্দ্র মোদির বিজেপি সরকার ভারতের ক্ষমতায় আসার পর তিস্তা চুক্তি নিয়ে আশার কথা শোনা গেলেও মমতার মত বদলায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


