মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে। সংঘাতের প্রেক্ষাপটে গত সপ্তাহজুড়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাঁচ কর্মদিবসে তেলের দাম বেড়েছে ৩৫ শতাংশেরও বেশি।

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ডব্লিউটিআই (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট)–এর দাম একদিনে প্রায় ১২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েল–এর দামও ৯ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৩ ডলারে দাঁড়িয়েছে।
সপ্তাহজুড়ে হিসাব করলে ডব্লিউটিআই তেলের দাম বেড়েছে ৩৫ শতাংশের বেশি। অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০২০ সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতই তেলের দামের এই অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রধান কারণ। গত সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলে বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়ে। এরপর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে খবর প্রকাশিত হয়। এর পর থেকেই ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
মধ্যপ্রাচ্যে এই সামরিক সংঘাত এখন দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। বরং দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও অস্থির করে তুলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


