দেশের কোথাও লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘কলকারখানা ও অফিস-আদালত বন্ধ থাকায় দেশে বর্তমানে স্বাভাবিক সময়ের তুলনায় বিদ্যুতের চাহিদা কম রয়েছে।’

বৃহস্পতিবার (২৮ মে) যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে কোথাও কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটলেও তা লোডশেডিংয়ের কারণে নয়। বরং প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। দুর্যোগকবলিত এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় অনেক বেশি। ফলে পরিকল্পিত লোডশেডিংয়ের কোনো সুযোগ নেই। ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে কোথাও বিদ্যুৎ ব্যবস্থার ক্ষতি হলে তা দ্রুত পুনরুদ্ধারে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।’
এ সময় তিনি সমগ্র যশোরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি আরও বলেন, ‘সামর্থ্যবান মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কুরবানির পাশাপাশি মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা পশুত্বকেও কুরবানি করবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



