পদ্মা নদীতে হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা নামার পর থেকেই পদ্মা নদী এলাকায় বাতাসের তীব্রতা বাড়তে শুরু করে। এতে নদী উত্তাল হয়ে ওঠায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রী ও যানের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে এই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল স্থগিত করা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ গণমাধ্যমকে জানান, হঠাৎ করে নদী উত্তাল হয়ে ওঠায় আমরা ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি পন্টুনে নিরাপদে নোঙর করে রাখা হয়েছে। তবে স্বস্তির বিষয় এই যে, মাঝ নদীতে কোনো ফেরি আটকা পড়েনি।
তিনি আরও জানান, কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্বক্ষণিক আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাতাসের গতিবেগ কমে নদী স্বাভাবিক অবস্থায় ফিরে এলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


