
বিপিএলের আগামী আসরের ফরম্যাট, শিডিউল ও সম্ভাব্য ভেন্যুসহ সব তথ্য দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।
এবারের আসরে থাকছে না ডিবিএল গ্রুপের মালিকানাধীন চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজিটি। তারা দল গড়বে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। তাই চিটাগংয়ের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি।
এ ছাড়া আরেকটি দলের খোঁজ করছে বিসিবি। সেই দলটি হতে পারে আগের দুই আসরে নিষিদ্ধ থাকা বরিশালের ফ্র্যাঞ্চাইজি। সেটা হলে প্রথমবারের মতো আট দলের বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেছেন, ‘চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি আমাদের অফিসিয়ালি জানিয়েছে, তারা এবার দল গড়বে না। চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজিটি আমরা বিক্রি করবো। এছাড়া, আরেকটি দল যোগ করবো আমরা। এ কারণেই দুটি ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।’
আগামী ২০ আগস্টের মধ্যে মুখবদ্ধ খামে সুলিখিত আবেদন বিসিবি ম্যানেজম্যান্ট অফিসের ঠিকানায় দেয়ার জন্য আহ্বান করা হয়েছে। আবেদন করতে বলা হয়েছে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর।
আবেদনপত্রের সঙ্গে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে কোম্পানির সচ্ছলতা, হালনাগাদকৃত ট্রেড লাইসেন্সের কপি, কোম্পানি ও মালিকের বৃত্তান্ত, কোম্পানির যেকোনো একটি স্মারক, ট্যাক্স পরিশোধের নম্বর, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যৌথ মালিকানাধীন কোম্পানির ক্ষেত্রে সব অংশীদারের সম্মতি এবং হালনাগাদকৃত অডিট রিপোর্ট সংযুক্ত করে দেয়ার অনুরোধ করা হয়েছে।
আবেদনপত্র প্রাথমিক যাচাই বাছাইয়ের পর বিসিবি নির্বাচিত কোম্পানি দুটির নাম ঘোষণা করবে। বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে দুটি কোম্পানির সঙ্গে বিপিএলের আগামী চার আসরের জন্য চুক্তি করবে বিসিবি। চুক্তি চার বছরের হলেও এরপরে আলোচনার মাধ্যমে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে কোম্পানিগুলোর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



