নাইজেরিয়ার বোর্নো রাজ্যের সীমান্তবর্তী ইয়োবোর একটি বাজারে দেশটির বিমানবাহিনী দ্বারা বিমান হামলা চালানো হয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা ও একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এই হামলায় বহু মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রবিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ওই হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। এদিকে স্থানীয় প্রধান লাওয়ান জান্না নুর গেইদাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মোট হতাহত (নিহত ও আহত) প্রায় ২০০ জন।’
শনিবার (১১ এপ্রিল) রাতে জোবি রাজ্যের জিল্লি গ্রামে এ বিমান হামলার ঘটনা ঘটে। যা বোরনো রাজ্যের সীমান্তে অবস্থিত। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে চলা বিদ্রোহের কেন্দ্র, যেখানে হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
নাইজেরিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা বোরনো রাজ্যের জিল্লি এলাকায় বিমান হামলায় বোকো হারামের সদস্যদের হত্যা করেছে। তবে বাজারে হামলার বিষয়ে কিছু বলা হয়নি। পরে জোবি রাজ্য সরকার জানায়, ওই এলাকায় একটি বাজারের কাছাকাছি বিমান হামলা চালানো হয়েছিল, যেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন।
জোবি রাজ্য সরকারের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল দাহিরু আবদুলসালাম বলেন, গেইদাম এলজিএ (স্থানীয় সরকার এলাকা) থেকে যারা জিল্লির সাপ্তাহিক বাজারে গিয়েছিলেন, তাদের মধ্যে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
জোবি স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এসইএমএ) জানায়, তারা জিল্লি বাজারে একটি ঘটনার প্রাথমিক তথ্য পেয়েছে, যেখানে কিছু ব্যবসায়ী হতাহত হন এবং জরুরি সাড়া কার্যক্রম চালু করা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, কোনো মানদণ্ডেই বিমান হামলা আইন প্রয়োগের বৈধ পদ্ধতি নয়। এ ধরনের বেপরোয়া প্রাণঘাতী শক্তি ব্যবহার অবৈধ, অগ্রহণযোগ্য এবং এটি দেখায় যে নাইজেরিয়ার সামরিক বাহিনী যাদের সুরক্ষা দেয়ার কথা, তাদের জীবনকে কতটা অবহেলা করছে।
সংস্থাটি নাইজেরিয়া কর্তৃপক্ষের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেছে, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


