আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ অপেক্ষার পর দলে ফিরেছেন ৩৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। সোমবার রাতে কোচ কার্লো আনচেলত্তি এই বহুল প্রতীক্ষিত স্কোয়াড ঘোষণা করেন। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া এই দল ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন ব্রাজিল সমর্থকেরা।

সবশেষ ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ার মাটিতে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পাওয়া সেই ঐতিহাসিক অর্জনের পর কেটে গেছে দীর্ঘ দুই দশক। এরপর অনুষ্ঠিত পাঁচটি আসরে দলটির সর্বোচ্চ সাফল্য ছিল কেবল সেমিফাইনাল। এমনকি ২০২২ সালের কাতার বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার সেই খরা কাটিয়ে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে উত্তর আমেরিকায় পাড়ি জমাবে আনচেলত্তির শিষ্যরা।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে মরক্কো, পানামা ও স্কটল্যান্ড। মূল পর্বে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে পানামার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে সেলেসাওরা।
আরও পড়ুনঃ
ঘোষিত এই স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আলিসন ও এদারসনের মতো বিশ্বস্ত গ্লাভসজোড়া থাকছে। রক্ষণভাগে মার্কিনিয়োস, দানিলো ও গাব্রিয়েলদের ওপর ভরসা রেখেছেন কোচ। মধ্যমাঠ সামলানোর দায়িত্ব থাকছে কাসেমিরো, ব্রুনো গিমারায়েস এবং লুকাস পাকেতার মতো তারকাদের কাঁধে। আর আক্রমণভাগে অভিজ্ঞ নেইমারের সঙ্গে জুটি বাঁধবেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গাব্রিয়েল মার্তিনেল্লি এবং তরুণ সেনসেশন এন্দ্রিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



