হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পরই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছিলেন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন নেইমার জুনিয়র। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও সেই সুখবরই দিলেন তিনি। তবে নেইমারকে পাওয়া গেলেও তাকে মাঠে নামানো হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি ইতালিয়ান এই কোচ।

প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরা ৩৪ বছর বয়সী নেইমার কাফ ইনজুরির কারণে এখনো এবারের বিশ্বকাপে মাঠে নামতে পারেননি। তবে বুধবার (২৪ জুন) সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, ব্রাজিলিয়ান তারকা এখন খেলার জন্য প্রস্তুত।
তিনি বলেন, ‘নেইমার এখন ম্যাচ খেলার মতো অবস্থায় আছে। পুরো সপ্তাহ সে দলের সঙ্গে অনুশীলন করেছে এবং স্কোয়াডের জন্য উপলব্ধ। তার ফিরে আসা আমাদের জন্য দারুণ খবর। কারণ, তার মতো একজন খেলোয়াড় সবসময় দলের জন্য বাড়তি শক্তি।’
নেইমারের পেশাদারিত্বেরও প্রশংসা করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘ওকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। দ্রুত সুস্থ হয়ে ফেরার জন্য সে অসাধারণ নিষ্ঠা ও পেশাদারিত্ব দেখিয়েছে। তার মনোভাব এবং প্রস্তুতি আমাকে মুগ্ধ করেছে। মাঠে থাকুক বা না থাকুক, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য গুরুত্বপূর্ণ।’
নেইমার পুরো ৯০ মিনিট খেলতে পারবেন কি না—এমন প্রশ্নে হাস্যরসও করেন ব্রাজিল কোচ। ‘৯০ মিনিট খেলতে পারবে, তবে হয়তো হেঁটে হেঁটে!’—মজা করে বলার পর তিনি যোগ করেন, ‘সিরিয়াসলি বললে, সে খুব ভালো অবস্থায় আছে এবং দারুণভাবে প্রস্তুতি নিয়েছে।’
গ্রুপ ‘সি’-তে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডকে হারাতে পারলেই নিশ্চিত হবে শেষ ৩২-এর টিকিট। আনচেলত্তির বিশ্বাস, দল ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দ ফিরে পাচ্ছে।
তার ভাষায়, ‘বিশ্বকাপে ব্রাজিলের জার্সি পরে মাঠে নামা সবসময়ই বড় দায়িত্ব। প্রথম ম্যাচে আমরা প্রত্যাশামতো খেলতে পারিনি। দ্বিতীয় ম্যাচে উন্নতি হয়েছে। এখন আশা করছি, তৃতীয় ম্যাচে আরও ভালো ফুটবল উপহার দিতে পারব।’
এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে উইঙ্গার রাফিনিয়া ছিটকে যাওয়ায় নতুন সমীকরণ তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে। তবে তার বদলে কে খেলবেন, সে বিষয়ে মুখ খুলতে চাননি আনচেলত্তি।
স্কটল্যান্ডকে নিয়েও সতর্ক ব্রাজিল কোচ। এক জয় ও এক হার নিয়ে তারা এখনো নকআউট পর্বে ওঠার লড়াইয়ে টিকে আছে।
আনচেলত্তি বলেন, ‘স্কটল্যান্ড খুবই সংগঠিত এবং লড়াকু একটি দল। স্কট ম্যাকটমিনে ও জন ম্যাকগিনের মতো অভিজ্ঞ ফুটবলার তাদের দলে রয়েছে। তাই এটি মোটেও সহজ ম্যাচ হবে না। বিশ্বকাপে এখন আর কোনো সহজ প্রতিপক্ষ নেই। আমরা কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
এদিকে নিউ জার্সি থেকে মায়ামি যাওয়ার পথে দলের ফ্লাইট বিলম্বিত হওয়ায় সংবাদ সম্মেলনও নির্ধারিত সময়ের পরে শুরু হয়। তবে বিষয়টিকে বড় করে দেখছেন না আনচেলত্তি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি বলেন, ‘আজকের আগে সবকিছুই নিখুঁত ছিল। ছোটখাটো সমস্যা হতেই পারে। দলের মান ও আত্মবিশ্বাস নিয়ে আমি আশাবাদী। আমার বিশ্বাস, এটি আমাদের জন্য ভালো একটি বিশ্বকাপ হতে পারে। ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে, তবে ফল যাই হোক, এই যাত্রা হবে স্মরণীয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



