Advertisement
জুমবাংলা ডেস্ক: নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সফররত রাজকীয় সৌদি নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল ফাহাদ বিন আব্দুলাহ আল-গোফায়েলি আজ সোমবার সকালে রাজধানীর বনানীস্থ নৌসদর দপ্তরে সাক্ষাৎ করেছেন।

ভাইস এডমিরাল ফাহাদ বিন আব্দুলাহ বাংলাদেশে তিনদিনের সরকারি সফরে এসেছেন।

এর আগে, তিনি নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন তাঁকে স্বাগত জানান। এসময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

বৈঠকে সৌদি নৌপ্রধান, এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী পারস্পরিক কুশল বিনিময় করেন। এসময় নৌবাহিনী প্রধান বন্ধুপ্রতিম দু’দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ সফরের জন্য ভাইস এডমিরাল ফাহাদ বিন আব্দুলাহ আল-গোফায়েলিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে,তাঁরা দু’দেশের নৌসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং সৌদি আরবের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে বাংলাদেশের প্রশিক্ষিত জনবল নিয়োগের বিষয়ে আলোচনা করেন।

একইসাথে নৌবাহিনী প্রধান জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষনে বাংলাদেশের সক্ষমতার বিষয় সৌদি নৌপ্রধানের নিকট তুলে ধরেন।

এ সময় দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে জাহাজসমূহের শুভেচ্ছা সফর আয়োজনের বিষয়েও আলোচনা হয়। পরে, তিনি নৌসদরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, সৌদি নৌপ্রধানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশটির নৌবাহিনীর লজিষ্টিক ও সাপ্লাই বিভাগের প্রধান রিয়ার এডমিরাল এমদাদ বিন ওমর আল-খাত্তাব, অপারেশন্স বিভাগের প্রধান কমডোর সাদ বিন আব্দুলাহ আল-আমরি, গোয়েন্দা বিভাগের প্রধান কমডোর মনসুর বিন সৌদ আলজুয়াইদ, প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক কমডোর মনসুর বিন নাজা আলওতাইবি, ওয়েস্টার্ণ ফ্লিট এর প্রধান কমডোর মাতার বিন সালাহ আলমাতরাফি এবং পাবলিক রিলেশন এন্ড ডকট্রিন কমান্ড পরিদপ্তরের প্রধান কমান্ডার আবদুলাহ বিন ফাহাদ আলওয়াহিদ।

সাক্ষাত শেষে সৌদি নৌপ্রধানকে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন অপারেশনাল কার্যক্রমের উপর ব্রিফিং প্রদান করা হয়। এসময়, নৌ সদরের পিএসওগণ, সফররত প্রতিনিধিদল, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এবং নৌবাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে, ঢাকা সেনানিবাসস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন।

সফর শেষে সৌদি নৌপ্রধান আগামীকাল মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.