জুমবাংলা ডেস্ক : দেশের ৬৬ পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এসব ভবন নির্মাণের পর কর্মীদের কাছ থেকে ভাড়া নিতে বারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’প্রকল্প অনুমোদন দেয়া হয়।
সারাদেশে পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট নিরসনে ১ হাজার ১৪২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। ৮টি বিভাগের ৫৯টি জেলার ৬৬টি উপজেলার ৬৬টি পৌরসভায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। ১৫ দশমিক ৬১ একর ভূমিতে ৩ হাজার ৪০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। ফ্ল্যাটে পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে ভাড়া না নেওয়ার জন্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ফ্ল্যাট ও ভবনগুলো রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা ভাড়া নেওয়ার কথা বলেন তিনি। এসময় মন্ত্রীর কথায় সায় দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা যেন বংশানুক্রমে চাকরি পায় সেই ব্যবস্থা করতে হবে।
প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধান। জানুয়ারি ২০২১ থেকে ডিসেম্বর ২০২৪ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় ৬৬টি সুয়ারেজ পরিশোধন ও গ্রাউন্ড রিচার্জসহ রেইন ওয়াটার হারভেস্টিং, ১টি ডাবল কেবিন পিকআপ ও ৪০টি মোটরসাইকেল ক্রয় এবং পরামর্শ সেবা ক্রয় ইত্যাদি করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের গুরুত্বপূর্ণ পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের মাধ্যমে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন করা সম্ভব হবে।
উপকূলে বাঁধ কেটে যেন চিংড়ি চাষের প্রয়োজনীয় নোনা পানি ব্যবসায়ীরা ভেতরে প্রবেশ করাতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়াতে একনেক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ দেন। তিনি বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমির অবৈধ দখল রোধ এবং দখলমুক্ত অংশের সৌন্দর্য বর্ধন; নদীর উভয় তীরের পরিবেশগত উন্নয়ন; নদীর দখলমুক্ত তীরভূমিতে অবকাঠামো নির্মাণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


