
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পাচার হওয়ার ৭৭ দিন পর কৌশল দেশে ফেরা এক কিশোরী মঙ্গলবার ঢাকার হাতিরঝিল থানায় মামলা করেছে। এই মামলায় তিন আসামিকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। তবে গ্রেপ্তার ওই আসামিদের পরিচয় প্রকাশ করা হয়নি। পরে সংবাদ সম্মেলনে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বার্তায় বলা হয়, ভারতে পাচার হওয়া এক কিশোরী তিনমাস নির্যাতনের পর বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিল থানায় মামলা করার পর ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এই তিনজনের একজন এক হাজার নারী পাচার করেছে।
ভারতের বেঙ্গালুরুতে সম্প্রতি বাংলাদেশের এক তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। শারীরিক নির্যাতনের সময় ২২ বছরের ওই তরুণীকে দল বেঁধে ধর্ষণও করা হয়।
ওই ঘটনায় ভারতের বেঙ্গালুরু পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে টিকটক হৃদয় বাবুসহ দুজন পালানোর সময় গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে ভারতের পুলিশ। তারা সবাই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, মানবপাচারের এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে সম্প্রতি ঝিনাইদহ সদর, যশোরের অভয়নগর ও বেনাপোল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


