
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টিউনন ও প্রতিনিধি দল। রোববার (২৪ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং জীবনমান উন্নয়নে আইএলও’র বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় আইএলও’র প্রস্তাবিত কার্যক্রম পার্বত্য অঞ্চলের মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, পার্বত্য তিন জেলা পরিষদ পুনর্গঠনের পর আইএলও’র জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় পরিষদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। অতীতে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের জন্য আইএলও প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে দক্ষতা উন্নয়ন, কৃষি ও জীবিকা সুরক্ষায় আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টিউনন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার মানুষের অধিকার রক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, আইএলও কনভেনশন ১০৭ এবং বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে তারা কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে পার্বত্য অঞ্চলে জলবায়ু-সহনশীল জীবিকা, আধুনিক কৃষি, স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন এবং নারীদের উদ্যোক্তা সহায়তায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


