
আন্তর্জাতিক ডেস্ক : পরনে অন্তর্বাস। হাতে ঘড়ি। ট্রেনের ভেতরে ঠিক এভাবেই ঘুরে ফিরে বেড়াচ্ছেন বিহারের জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডল। এই অবস্থা দেখে যাত্রীদের ভিরমি খাওয়ার জোগাড়। পাটনা-নয়াদিল্লি তেজস এক্সপ্রেসে যাত্রার সময় ভারতের বিহার রাজ্যের জেডিইউ দলের বিধায়ক গোপাল মণ্ডলের দুইটি ছবি এখন ভাইরাল ফেসবুকে। দুইটিতেই দেখা যাচ্ছে, অর্ধনগ্ন হয়ে চলন্ত ট্রেনে ঘুরছেন গোপাল।
যাত্রীদের অভিযোগ, শুধু জামাকাপড় না পরে ঘোরাই নয়, সহযাত্রীদের সঙ্গে মাঝে মাঝে অভব্য আচরণও করেছেন গোপাল। ভয় দেখিয়েছেন, গুলি করারও হুমকি দিয়েছেন। এক যাত্রী বলেছেন, অন্তর্বাস পরে ঘুরতে দেখে তার নামে রেলের কাছে অভিযোগ করেছিলাম আমরা। তবে আমরা জানতাম না উনি বিহারের বিধায়ক। তবে বিধায়ক হলেও এমন অভব্য আচরণ করা মোটেই উচিত নয়।
যাত্রীরা জানিয়েছেন, বিধায়ককে একাধিকবার সতর্ক করা হয়েছে। তবে তাতেও লাভ হয়নি। গোপাল অভিযোগ স্বীকার করে বলেছেন, আমার পেট খারাপ হয়েছিল। বারবার শৌচাগারে যেতে হচ্ছিল। তাই ওভাবে জামাকাপড় খুলে রাখতে হয়েছিল।
শেষ পর্যন্ত যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রেনের অন্য একটি কোচে সরিয়ে নিয়ে যাওয়া হয় গোপালকে। গোপালের বন্ধু পরে জানান, মধুমেহ রোগে আক্রান্ত বিধায়ক। জরুরি কাজে তিনি যাত্রা করেছিলেন। ট্রেনে তার শরীর খারাপ হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


