ফজরের নামাজ

Advertisement
ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। কারণ এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রবাসে ভোটারদের যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেখানে একটা দল ব্যালট পেপারকে দখল করেছে। এই ষড়যন্ত্র দেশের ভেতরেও চলছে। পরে ভোটকেন্দ্রে ভোট প্রদান করতে বলেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৫ বছর আপনারা ভোট দিতে পারেননি। আগে যেমন নিশিরাতে ভোট হয়েছে, এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা দেখেছেন—একটি দল কীভাবে প্রবাসীদের ব্যালট পেপার দখলে নিয়েছিল। জনগণের সজাগ উপস্থিতিই এসব ষড়যন্ত্র রুখে দিতে পারে।

তিনিন বলেন, গত ১৫ বছর ধরে শুধু জনগণের ভোটের অধিকারই নয়, কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে দেড় হাজারের বেশি মানুষ রক্ত দিয়েছে এবং ২৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। ১৯৭১ সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আবার ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা রক্ত দিয়ে সেই স্বাধীনতা রক্ষা করেছে।

জনসভায় তারেক রহমান নিজের পকেট থেকে দুটি কার্ড বের করে প্রদর্শন করে বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিদেশে কর্মসংস্থানের আগে দক্ষ জনশক্তি তৈরির মতো বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ সময় তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জোটের শরিক দল মনোনীত এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে জনগণের প্রতি আহ্বান জানান, তাদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ছয়জনের মাধ্যমেই এলাকায় সার্বিক উন্নয়ন হবে, ইনশাআল্লাহ।

বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ধানের শীষের প্রার্থী ড. মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতির মনোনীত প্রার্থী জুনায়েদ সাকি, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের প্রার্থী আব্দুল হান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের সমাবেশ শেষ করে রাত ১০টায় তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশস্থলে পৌঁছালে মাঠজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং একপর্যায়ে মঞ্চ থেকে নেমে এসে জনতার সঙ্গে হাত মেলান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.