
এ ছাড়া পাপিয়ার বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পাপিয়া ও তাঁর সহযোগীদের জিজ্ঞাসাবাদকারী একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে করা জাতীয় দৈনিক কালের কন্ঠে আজকের সংখ্যায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থেকে অনৈতিক কাজের মাধ্যমে পাপিয়া প্রায় শতকোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। নগদ অর্থসহ পাপিয়ার অবৈধ সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হলো, রাজধানীর ফার্মগেটের ২৮ নম্বর ইন্দিরা রোডে ‘রওশনস ডমিনো রিলিভো’ ভবনে দুটি ফ্ল্যাট। নরসিংদী শহরে দুটি ফ্ল্যাট ও বাগদী এলাকায় কোটি টাকার দুটি প্লট। পাপিয়ার নিজস্ব ব্যবহারের জন্য রয়েছে কয়েকটি গাড়ি। এ ছাড়া তেজগাঁওয়ের বিএফডিসির ফটকের পাশে থাকা ‘কার একচেঞ্জ’ নামের গাড়ির শোরুমটির মালিকদের মধ্যে তিনিও একজন। নরসিংদী জেলায় ‘কেএমসি কার ওয়াশ অ্যান্ড অটোসলিউশন’ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। নরসিংদীর বাগদী মারকাজ মসজিদ এলাকায় একটি পাকা ও আরেকটি সেমিপাকা বাড়ি আছে পাপিয়ার। একই এলাকার বেলদী মোড়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১০ শতাংশ জমি ছাড়াও ছয় শতাংশের একটি প্লট রয়েছে তাঁর। শ্বশুরবাড়ি ব্রাহ্মণদীতে স্বামী মফিজুর রহমান সুমন ওরফে মতি সুমনের দোতলা একটি বাড়ি আছে। এ ছাড়া তাঁর চারটি গাড়ি রয়েছে। নরসিংদী শহরে তাঁর অনুসারীদের ব্যবহারের জন্য পাঁচটি মোটরসাইকেল রয়েছে। এ ছাড়া পাপিয়া-সুমন দম্পতির দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত থাকার তথ্যও রয়েছে।
প্রসঙ্গত, দেশ ছেড়ে পালানোর সময় গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া-সুমন এবং তাঁদের দুই সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তৈয়বাকে গ্রেপ্তার করে র্যাব-১। তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচার, জাল নোট সরবরাহ, মাদক, অস্ত্র, নারীদের দিয়ে অনৈতিক কাজ করানো ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ঘটনায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের পদ থেকে পাপিয়াকে আজীবনের জন্য বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত আইনে তেজগাঁও থানায় এবং জাল মুদ্রা রাখার অভিযোগে বিমানবন্দর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



