Advertisement

জুমবাংলা ডেস্ক : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, যাত্রী ও পণ্য পরিবহনে বাংলাদেশের মানুষের কাছে রেলপথই অন্যতম সহজ ও আরামদায়ক যোগাযোগ মাধ্যম। বাংলাদেশকে ভারত-মায়ানমারসহ ট্রান্সএশিয়ার আন্তর্জাতিক রেল যোগাযোগের সাথে যুক্ত করা হবে। সেই লক্ষ্যেই সারাদেশের সব রেলপথ এককেন্দ্রিক অর্থাৎ মিটার গেজ থেকে ব্রডগেজে রূপান্তর করা হবে। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে জামালপুর রেলস্টেশনের প্লাটফরম উঁচুকরণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে বাংলাদেশ রেলওয়ে সারাদেশে ৫৫টি রেলস্টেশনের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। এরমধ্যে ময়মনসিংহ বিভাগের গফরগাঁও, ময়মনসিংহ, জামালপুর, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ী রেলস্টেশনে উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব স্টেশনে সাধারণ যাত্রীসহ শিশু, অসুস্থ ব্যক্তি ও বৃদ্ধদের ট্রেনে উঠতে যাতে কোন অসুবিধা না হয়, সেজন্য প্লাটফরম উঁচু করা হচ্ছে। এছাড়াও স্টেশন ভবন সংস্কার, এক্সেস কন্ট্রোল ও প্লাটফরম শেড নির্মাণ করা হচ্ছে।

রেলমন্ত্রী আরও বলেন, জামালপুর-ময়মনসিংহ-জয়দেবপুর ডাবল লাইন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। ট্রেন হলো জনগণের সম্পদ। রেলওয়ের যাত্রীসেবার মান ও চাহিদা পূরণে জনগণ যা চাইবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাইই করে দিবেন। কিন্তু বিনাটিকিটে কেউ ট্রেনে উঠবেন না। কেউ ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না। টিকিট কালোবাজারি বন্ধ করতে অনলাইনে টিকিটের ব্যবস্থা করা হয়েছে যাতে যাত্রীরা তাদের ঘরে বসেই টিকিট ক্রয় করতে পারেন। দুয়েকজনের জন্য যাতে গোটা রেল কর্তৃপক্ষের বদনাম না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন তার বক্তব্যে দ্রুত সময়ের মধ্যে দেওয়ানগঞ্জ-জামালপুর-ময়মনসিংহ-চট্ট্রগ্রাম এবং দেওয়ানগঞ্জ-জামালপুর-ঢাকা রেলপথে আরো দুটি আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন চালু করা হবে বলে আশ্বাস দেন। এছাড়াও তিনি জরুরি ভিত্তিতে জামালপুর রেলস্টেশনে যাত্রীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং শিশুদের বুকের দুধ খাওয়ানোর জন্য মায়েদের আলাদা কর্নার স্থাপন করতে রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। এ সময় রেলওয়ের সচিব মো. সেলিম রেজা, জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রেলওয়ের মহাপরিচালক ও সচিবসহ রেলপথ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলী সঙ্গে নিয়ে একটি বিশেষ ট্রেনযোগে বেলা পৌনে ২টার দিকে জামালপুর রেলস্টেশনে পৌঁছান। জামালপুর রেলস্টেশনের উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা আড়াইটার দিকে তিনি জামালপুরের মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ী রেলস্টেশনে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় সভা শেষে ঢাকায় ফিরে যান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.