
বুধবার ( ১৩মে ) আমিরাতে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “যাদের চাকরি চলে গেছে বা ভিসা ক্যানসেল হয়ে গেছে তারা অন্যত্র চাকরির চেষ্টা করতে পারেন। দূতাবাস আরব আমিরাত সরকারসহ বিভিন্ন সূত্রে অবহিত হয়েছে যে, বর্তমানে বাংলাদেশি নাগরিক যারা আরব আমিরাতে অবস্থান করছেন তারা ভিসা ট্রান্সফার বা পরিবর্তন করতে পারবেন। এমন কি যারা ভিজিট ভিসায় বর্তমানে আমিরাতে অবস্থান করছেন তারাও চাকরি ভিসা লাগাতে পারবেন।”
এমন পরিস্থিতিতে দেশে না ফিরে আমিরাতেই অবস্থান করতে বাংলাদেশিদের প্রতি আহবান জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেকেই দেশে ফিরে যেতে দূতাবাসের সাথে যোগাযোগ করছেন। আপাতত ফ্লাইট চলাচল বন্ধ থাকায় দেশে ফেরার কোন সুযোগ নেই। নিয়মিত ফ্লাইট চালু হলে দেশে ফেরার সুযোগ হবে বলেও জানায় দূতাবাস।
আমিরাত প্রবাসীদের অনেকেই জানিয়েছেন এতোদিন আমিরাতের ভিসা সংক্রান্ত সার্ভারে বাংলাদেশের অনলাইন কোড বন্ধ ছিলো। অতিসম্প্রতি এটা চালু করা হয়েছে। অনেকেই ভিসা পরিবর্তন করতে পারছেন। এমনকি যারা ভিজিট ভিসায় আমিরাত এসেছিলেন তারাও কর্মী ভিসা লাগাতে পারছেন। এটা বাংলাদেশের জন্য বড় সুযোগ। তবে নতুন করে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার বিষয়টি কোম্পানীর চাহিদা ও লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে পরিস্কার বোঝা যাবে বলেও জানান প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে, এমন সুবিধা চালু করলেও আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেয়া হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



