জুমবাংলা ডেস্ক : ঢাকার সাভারে একটি শিশু অপহরণ মামালার বাদীর স্ত্রীকে লাঠিপেটা করার দায়ে সাভার মডেল থানার এসআই মুহাম্মদ ফারুক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের নির্দেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে রোববার সাভার মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ সোমবার রাতে অপহৃত কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত মিন্টুকেও ওই রাতে গ্রেফতার করে। তাকে থানা হাজতে রাখা হয়।
অপহৃত শিশুটির মা বলেন, সোমবার সকালে পুলিশ হেফাজতে থাকা তার মেয়ের জন্য নাশতা নিয়ে সাভার থানায় আসেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুহাম্মদ ফারুক হোসেন তাকে আসামি মিন্টুর জন্য নাশতা আনতে বলেন। তিনি নাশতা আনতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এর একপর্যায়ে ফারুক তাকে শরীরের বিভিন্ন স্থনে লাঠি দিয়ে পেটাতে থাকে।
এ সময় ওই নারী থানার ভেতর চিৎকার করে কান্না করলে অন্যান্য পুলিশ ও স্থানীয় লোকজন জড়ো হয়। এ ঘটনায় ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন তদন্ত করে সত্যতা পান।
সাভার মডেল থানার ওসি এ এস এম সায়েদ জানান, বুধবার এসআই মুহাম্মদ ফারুক হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়। সূত্র : যুগান্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


