Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেড় মাসেরও বেশি সময় তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (১৯ জুন) রাত ৯টার দিকে হাসপাতাল থেকে বাসায় পৌঁছান তিনি। বিকেলে বিএনপি চেয়াপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান বলেন, আজ (শনিবার) রাত ৯টার পর বিএনপি চেয়ারপারসন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। শারীরিকভাবে তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন।

বিএনপি চেয়ারপারসন বাসায় ফেরার সময় তার সঙ্গে ছিলেন তার ভাই ইস্কান্দার মির্জা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যরা।

এর আগে ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তারপর ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে গুলশানের নিজ বাসভবন ফিরোজায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। চার দিন পর ১৫ এপ্রিল তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সে সময় চিকিৎসকরা জানান, সিটি স্ক্যানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সে রাতেই বাসায় নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে।

পরে ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দেওয়ার পর আবারও করোনা পজিটিভ আসে বিএনপি চেয়ারপারসনের। এরপর ২৭ এপ্রিল রাতে ফের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছিল। এর মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ’তেও স্থানান্তর করা হয়েছিল। পরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে দেওয়া হয়। এবারে তিনি হাসপাতালে চিকিৎসা নেওয়া শেষে বাসায় ফিরছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.