চাঁদপুরে বিকাশের এজেন্টদের কাছে বিতরণের জন্য উত্তোলন করা টাকা আত্মসাতের চেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের বাড়ির মাটির নিচে গর্ত খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৯ লাখ টাকা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন— চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী এলাকার আব্দুর রহমান গাজী বাড়ির মো. দুলাল গাজীর ছেলে বিকাশের এসআর (ডিএসও) মো. রাব্বি (২২) এবং তার সহযোগী একই এলাকার দেলোয়ার হোসেন গাজীর ছেলে ফরহাদ হোসেন (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, মেসার্স দিবা এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর বিকাশ লিমিটেডের ডিএসও মো. রাব্বি গত ৫ ফেব্রুয়ারি সকালে চাঁদপুর পৌরসভার ওয়ান মিনিট সংলগ্ন ঢাকা ব্যাংক চাঁদপুর শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা সদর উপজেলার বিভিন্ন এলাকার বিকাশ এজেন্টদের কাছে বিতরণের কথা ছিল।
তবে টাকা নিয়ে বের হওয়ার পর রাব্বি হঠাৎ নিখোঁজ হন এবং পরে অফিসে ফোন করে অপহরণের নাটক সাজান। এ ঘটনায় পরিবেশকের ম্যানেজার মনির হোসেন তালুকদার চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৬৭) করেন।
পুলিশ তদন্তে নেমে রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণ ও হামলার ঘটনা সাজানো বলে স্বীকার করেন। পরে তার দেখানো মতে বসতঘরের মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে সদর মডেল থানার এসআই কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল টাকা উদ্ধার করে এবং সহযোগী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে। এর আগে সকালে গ্রেপ্তার করা হয় মো. রাব্বিকে।
অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা, জানালো ইসি সানাউল্লাহ
ওসি মো. ফয়েজ আহমেদ জানান, বিকাশ ডিস্ট্রিবিউটরের টাকার দায়িত্বে থেকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত টাকা জব্দ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


